চলতি ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১১ দশমিক ২৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১৭ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১০৫ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ২৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৭ পয়সা। 

তবে আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ট্রাস্ট ব্যাংকের সমন্বিত ইপিএস কমেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৩ পয়সা। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। ‌আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৫ টাকা ৯৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪ টাকা ১০ পয়সায়।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দেয় ট্রাস্ট ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।