রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ। চলতি বছরের প্রথমার্ধে দেশটির গম রফতনি কমেছে। তবে পরিমাণের দিক থেকে রফতানি হ্রাস পেলেও মুদ্রার ভিত্তিতে বেড়েছে। রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফেডারেল কাস্টমস সার্ভিসের বরাত দিয়ে কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে ইনফর্ম জানায়, জানুয়ারি-জুন পর্যন্ত রাশিয়া ১ কোটি ২২ লাখ ২২ হাজার টন গম বিশ্ববাজারে রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।
কাস্টমস সার্ভিস জানায়, এ বছরের প্রথম ছয় মাসে রাশিয়ার রফতানীকৃত গমের মূল্য দাঁড়িয়েছে ৩১৩ কোটি ডলার। মুদ্রার ভিত্তিতে রফতানি ১৫ শতাংশ বেড়েছে।
এদিকে রাশিয়ার সূর্যমুখী তেল রফতানিও মন্দার মুখে পড়েছে। পণ্যটির রফতানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানীয় রাশিয়া। চলতি বছরের প্রথমার্ধে দেশটি বিশ্ববাজারে ১৭ লাখ ৭০ হাজার টন সূর্যমুখী তেল রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির রফতানি ১৫ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। রফতানীকৃত এসব সূর্যমুখী তেলের মূল্য দাঁড়িয়েছে ২২৩ কোটি ডলার। মুদ্রার ভিত্তিতে রফতানি ৫০ দশমিক ৬ শতাংশ বেড়েছে বলে জানায় ফেডারেল কাস্টমস সার্ভিস।










