নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্র। ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ১০০ গিগাওয়াট যুক্ত করতে ১০ হাজার কোটি ডলার ব্যয় করবে দেশ দুটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

এন্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, দুই সরকার আবুধাবিতে চুক্তির কাঠামো নির্ধারণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ত্বরান্বিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

ইউএইর শিল্প ও ভারী প্রযুক্তি বিষয়কমন্ত্রী সুলতান আল জাবের বলেন, জ্বালানি নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জলবায়ু অগ্রগতির একটি বাস্তবসম্মত এবং অর্থনৈতিকভাবে কার্যকর পরিকল্পনার প্রয়োজন। উদ্যোগটি স্থিতিস্থাপক সরবরাহ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব বিনিয়োগের পাশাপাশি জ্বালানি স্থানান্তরে অত্যাবশ্যক খনিজ ও উপকরণ উৎপাদনের ওপর মনোযোগ দেবে।