২০২১-২২ বিপণন মৌসুমে কানাডায় গম উৎপাদন লক্ষণীয় মাত্রায় সংকুচিত হয়ে আসতে পারে। এ মৌসুমে উত্তর আমেরিকার দেশটিতে সবচেয়ে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে গমের ফলনে বিপর্যয় দেখা দিয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

বিশ্বের শীর্ষ গম উৎপাদক দেশগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে কানাডা। আন্তর্জাতিক গম রফতানি বাজারে দেশটির অবস্থান তৃতীয়। ইউএসডিএর প্রক্ষেপণ বলছে, ২০২১-২২ বিপণন মৌসুমে কানাডায় মাত্র ২ কোটি ১৭ লাখ টন গম উৎপাদন হতে পারে। গত মৌসুমের তুলনায় উৎপাদন ৩৮ শতাংশ কমবে।

মার্কিন সংস্থাটি আরো জানায়, ২০০৭-০৮ বিপণন মৌসুমে কানাডায় সর্বনিম্ন গম উৎপাদন হয়। উৎপাদনের পরিমাণ দাঁড়ায় দুই কোটি টনে। চলতি মৌসুমের এ পূর্বাভাস ফলে গেলে এটি হবে দ্বিতীয় সর্বনিম্ন উৎপাদনের রেকর্ড।

ইউএসডিএ বলছে, কানাডায় পাঁচ বছরের গড় গম উৎপাদনের পরিমাণ হেক্টরপ্রতি ৩৪ লাখ ২০ হাজার টন। কিন্তু এ বছর সব ধরনের গড় গম উৎপাদন এর চেয়ে ৩০ শতাংশেরও বেশি কমতে পারে। এ বছর কানাডার বৃহৎ গম আবাদি অঞ্চলজুড়ে খরা দীর্ঘায়িত হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে কানাডার গম রফতানিতেও প্রভাব ফেলেছে শুষ্ক আবহাওয়া। চলতি মৌসুমের জন্য ইউএসডিএ মাত্র ১ কোটি ৫৭ লাখ টন গম রফতানির প্রক্ষেপণ করেছে। এটি হবে ২০০৪-০৫ বিপণন মৌসুমের পর সর্বনিম্ন রফতানি। ওই সময় ১ কোটি ৪৮ লাখ টন গম রফতানি করা হয়েছিল।