দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) গ্রস আয় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির গ্রস আয় হয়েছে ২৯ হাজার ৩৪৯ কোটি ৯৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ হাজার ৫৭১ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি ৬৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৩২৪ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ১১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৫১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা ৩৭ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিএটিবিসির গ্রস আয় হয়েছে ৮ হাজার ১২০ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ হাজার ৯৩৩ কোটি ৬১ লাখ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০৫ কোটি ৯১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১০ কোটি ২৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৫২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৫৯ পয়সায়।

তিন প্রান্তিকে মুনাফা বাড়ার কারণ হিসেবে বিএটিবিসি জানিয়েছে, ব্যবসা বাড়ার পাশাপাশি কোম্পানিটির আর্থিক ও কর বাবদ ব্যয় কমেছে। তবে এ সময় কোম্পানিটির উৎপাদন খরচ ও পরিচালন ব্যয়ও বেড়েছে।  

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিএটিবিসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭৬ টাকা ২৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ১৩ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৭৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ১৫০ শতাংশ নগদ চূড়ান্ত ও বাকি ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছিল বিএটিবিসি। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৫১৮ টাকা ৭০ পয়সা।