সম্প্রতি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি দুটি এ তথ্য জানিয়েছে ।
বিডি থাই ফুড: ডিএসইতে গত ১৩ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৮ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়। এ সময়ের ব্যবধানে বিডি থাই ফুডের দর বেড়েছে ৮৭ দশমিক ৬৪ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিডি থাই ফুডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিডি থাই ফুডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪১ পয়সায়।
এমারাল্ড অয়েল: ডিএসইতে গত ১৬ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সায়। এ সময়ের ব্যবধানে এমারাল্ড অয়েলের দর বেড়েছে ৪৩ দশমিক ৯৩ শতাংশ।
এদিকে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই।
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এমারাল্ড অয়েলের ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৮ টাকা ৭০ পয়সা।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ চূড়ান্ত ও ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এমারাল্ড অয়েলের ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০ টাকা ৩৭ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এমারাল্ড অয়েলের ইপিএস হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২ টাকা ৮৫ পয়সায়।










