সমাজসেবা অধিদপ্তর অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরাম’র কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে চাঁদনী চক বিজনেস ফোরামের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়।

বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন রোমান সংবাদ সম্মেলনে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। তাদের দাবি, সংগঠনের সদস্যপদ হারানো একজন ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সমাজসেবা অধিদপ্তরের কিছু কর্মকর্তা অসত্য তদন্ত প্রতিবেদন তৈরি করে এ প্রশাসক নিয়োগ দিয়েছে। কিন্তু আইন অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর এভাবে কমিটি ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে না।

সংবাদ সম্মেলনে চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি নিজাম উদ্দিন বলেন, ২০১৭ সালে চাঁদনী চক বিজনেস ফোরামের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭ সাল থেকে পরপর তিনবার নির্বাচিত হয়ে আমরা মার্কেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের একটা প্রতিপক্ষ আছে, যে প্রতিপক্ষ কখনো নির্বাচনে আমাদের সঙ্গে পারে না। না পারার কারণে তারা কিছু বহিরাগত লোকজন এনে সবসময় মার্কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে।

তিনি অভিযোগ করেন, ওনারা (সমাজসেবা অধিদপ্তর) মনগড়া একটি প্রতিবেদন তৈরি করে আমাদের কোনো ধরনের নোটিশ না দিয়েই কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়। এটা করা হয়েছে আইন বহির্ভূতভাবে। আমাদের ভোটার ৬০০ এর মতো, এর মধ্যে ৪০৯ জন সদস্য লিখিতভাবে জানিয়েছেন প্রশাসক চান না, নির্বাচিত কমিটি দ্বারা মার্কেট পরিচালিত হোক সেটাই চান। এ কারণে প্রশাসককে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি।

নিজাম উদ্দিন বলেন, বিষয়টি এখন উচ্চ আদালতে চলে গেছে। আদালতের কাছে আমরা ন্যায্য বিচার চাই। সমাজসেবা অবৈধভাবে আমাদের কমিটি ভেঙে দিয়েছে। এটা যেন প্রত্যাহার করা হয়, সেটাই আমাদের দাবি।