বিশ্বের শীর্ষ ধনীদের একজন জেফ বেজোসের নতুন প্রমোদতরী গ্রীষ্মকালেই তার হাতে থাকবে। তার ঠিক আগে এর পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বুধবার নেদারল্যান্ডসের শিপইয়ার্ড ছেড়ে যায় ৪১৭ ফুটের কোরু ও ম্যালোর্কার কাছে স্পেনের উপকূলে নোঙর করা হয়। সেখানেই এর পরীক্ষা-নিরীক্ষা চলছে। কোরুর এ চলাচল সমুদ্র ট্রায়ালের একটি অংশ যেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয় সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। এ সফরের সঙ্গে সম্পর্কযুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একজন এমনটাই জানিয়েছেন। বেজোসের কাছে সরবরাহ করার আগে শেষ সপ্তাহে এটি আবার শিপইয়ার্ডে পৌঁছে যাবে। তিন মাস্তুলের প্রমোদতরীটি কিনতে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী অ্যামাজন প্রতিষ্ঠাতাকে খরচ করতে হয়েছে ৫০ কোটি ডলার। আগে ওয়াই৭২১ নামে পরিচিত জাহাজটি এখন কোরু নামেই রেজিস্টার করা। বোট ইন্টারন্যাশনালের তথ্যমতে, এটা নেদারল্যান্ডসভিত্তিক ওশানকোর বানানো সবচেয়ে বড় ভাসমান প্রমোদতরী। এর আকারই মূলত বেজোস ও এর প্রস্তুতকারকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জাহাজটির উচ্চতা এত বেশি ছিল যে তার জন্য রটারডাম শহরের ঐতিহাসিক স্টিলের ব্রিজ ডি হেফের অংশ ভেঙে ফেলার কথা বলা হয়, যেন এটি সমুদ্রে যেতে পারে। শহরের কর্মকর্তারা প্রাথমিক অবস্থায় অস্থায়ীভাবে ব্রিজের কেন্দ্রীয় অংশ সরিয়ে নিতে সম্মত হয়, কিন্তু জনরোষের মুখে ওশানকো সে অনুরোধ প্রত্যাহার করে নেয়। পরে জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রমোদতরীটি সমুদ্রে পাঠায় মাস্তুল ছাড়াই। দ্য ন্যাশনাল