বিনিয়োগ খাতগুলোয় মন্দার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে সফটব্যাংক গ্রুপ করপোরেশন। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ে জাপানি বহুজাতিক গ্রুপটি ১২ হাজার ৯১০ কোটি ইয়েন বা ৮৯ কোটি ৫০ লাখ ডলার নিট লোকসান গুনেছে। যদিও গত অর্থবছরের প্রথমার্ধে ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ৩৬ হাজার ৩৫৭ কোটি ইয়েন। খবর কিয়োদো নিউজ।

এপ্রিল-জুন সময়ে সফটব্যাংকের নিট লোকসানের পরিমাণ ছিল ৩ লাখ ১৬ হাজার কোটি ইয়েন। এ অবস্থায় চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপের কিছু অংশ বিক্রি করে দেয়ায় চলতি অর্থবছরের প্রথমার্ধে সংস্থাটির লোকসানের পরিমাণ কমেছে। এ সময়ে আলিবাবার শেয়ার বিক্রি থেকে ৩ লাখ ৫০ হাজার কোটি ইয়েন পেয়েছে সফটব্যাংক। তবে সংস্থাটি ভিশন ফান্ড ব্যবসা থেকে লোকসানের পরিমাণ ছিল ৪ লাখ ৪০ হাজার কোটি ডলার। ফলে শেয়ার বিক্রির মাধ্যমে আয় বাড়লেও সেটি ক্ষতি পূরণের জন্য পর্যাপ্ত নয় বলে জানায় সফটব্যাংক গ্রুপ।

এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, ভিশন ফান্ড এবং অন্যান্য খাতের বিনিয়োগ কার্যক্রম ব্যর্থ হওয়ায় খাত দুটিতে লোকসান হয়েছে ৮৪ হাজার ৯৬০ কোটি ইয়েন। তবে সফটব্যাংকের অংশীদার লাইন করপোরেশন এবং ইয়াহু জাপান করপোরেশনের কার্যক্রম বৃদ্ধির কারণে বিক্রি ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে মুনাফা ৩ লাখ ১৮ হাজার কোটি ইয়েনে পৌঁছেছে। ব্যাংকটি আরো জানায়, ক্ষতির পরিমাণ কাটিয়ে মুনাফায় ফিরতে বিনিয়োগ সম্পর্কিত কার্যক্রম কাটছাঁট করা হবে। এ কার্যক্রম প্রায় ৩০ শতাংশ গুটিয়ে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে সফটব্যাংক গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন বলেন, বিশ্বব্যাপী তীব্র মূল্যস্ফীতির কারণে বর্তমানে বাজার ব্যবস্থা প্রতিকূলে রয়েছে। তবে ব্যাংকটি নতুন বিনিয়োগের মাধ্যমে ক্ষতির পরিমাণ কমিয়ে আনার চেষ্টায় রয়েছে।