সিঙ্গাপুরে খুচরা বিক্রি ঊর্ধ্বমুখী হয়েছে। যদিও এক মাস আগে দেশটির মাসভিত্তিক খুচরা বিক্রি নিম্নমুখী হয়েছিল।

সিঙ্গাপুরের ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিকস প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে খুচরা বিক্রি আগস্টের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আগস্টে সংশোধিত ১ দশমিক ২ শতাংশ হ্রাসের তুলনায় গতি ফিরেছে দেশটির রিটেইল খাতে।

মোটরগাড়ি ছাড়া এশিয়ার নগররাষ্ট্রটিতে খুচরা বিক্রি মাসভিত্তিক ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। যদিও আগস্টে জুলাইয়ের তুলনায় খুচরা বিক্রয় ১ দশশিক ৭ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে বছরওয়ারি হিসাবেও সিঙ্গাপুরের খুচরা বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। সেপ্টেম্বরে খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ বেড়েছে। আগস্টে বছরওয়ারি হিসাবে খুচরা বিক্রি বাড়ার হার ছিল ১৩ দশমিক ৩ শতাংশ।

সেপ্টেম্বরে মোটর গাড়ি বাদে অন্যান্য শিল্পের খুচরা বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে, যা আগস্টের সংশোধিত ১৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির তুলনায় কিছুটা বেশি।

সেপ্টেম্বরে আনুমানিক মোট খুচরা বিক্রি মূল্য ছিল ৩৮০ কোটি ডলার। মোট খুচরা বিক্রির মধ্যে অনলাইনে ১৩ দশমিক ৮ শতাংশ সম্পন্ন হয়েছে। মোটর গাড়ি বাদে মোট খুচরা বিক্রয়ের মূল্য ছিল প্রায় ৩৪০ কোটি ডলার।

দেশটির ১৪টি শিল্পের মধ্যে কম্পিউটার ও টেলিযোগাযোগ সরঞ্জামের বিক্রি সেপ্টেম্বরে আগস্টের তুলনায় ২৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ হার সব বিভাগের খুচরা বিক্রির মধ্যে সবচেয়ে বড় উল্লম্ফন।