বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পর্ষদ সভা আজ বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে বিএসসি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৮০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৭২ টাকা ৫২ পয়সা। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭২ পয়সা।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭০৪ কোটি ৭৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর মধ্যে ৫২ দশমিক ১০ শতাংশ সরকার, উদ্যোক্তা পরিচালক ৫ দশমিক ২৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৮ দশমিক ৬৫ ও বাকি ২৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার বিএসসির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০৭ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০৭ ও ১৪৭ টাকা ৫০ পয়সা।