দুবাইভিত্তিক সাইফ মেরিটাইম এলএলসির শতভাগ মালিকানা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ মালিকানা গ্রহণে কোম্পানিটির ব্যয় হবে ৫০০ দিরহাম বা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা (প্রতি দিরহাম ২৫ টাকা ৩৮ পয়সা ধরে)। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে জানিয়েছে সাইফ পাওয়ারটেক।
তথ্য অনুযায়ী, সাইফ মেরিটাইম এলএলসি ভারী ও হালকা ট্রাক দিয়ে পণ্য পরিবহন, মালবাহী ও যাত্রী পরিবহনের জন্য শিপিং লাইন, সমুদ্রে মালবাহী ও যাত্রী চার্টার পরিষেবা ও কার্গো সেবা প্রদান, কাস্টমস ব্রোকার, কার্গো লোডিং ও আনলোডিং সেবা প্রদান, সমুদ্রগামী কার্গো সেবা, শিপিং কনটেইনার লোডিং ও আনলোডিং সেবা প্রদান, সমুদ্রগামী শিপিং লাইন এজেন্ট ও ফ্রেইট ব্রোকার হিসেবে কাজ করবে। কোম্পানিটির প্রক্ষেপণ অনুসারে এ ব্যবসা থেকে বছরে ২৫ কোটি ৯৮ লাখ টাকা আয় এবং ৩ কোটি ৮৯ লাখ টাক কর-পরবর্তী নিট মুনাফা হবে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭১ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪১ পয়সা বা ৫৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা।










