দেশের উত্তরাঞ্চলের ছয় জেলার ১১ হাজার কৃষককে পরিবেশবান্ধব আধুনিক কৃষি পদ্ধতির প্রশিক্ষণ দিতে সহায়তা করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্থানীয় সংগঠন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সঙ্গে যৌথ উদ্যোগে কৃষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও রাজশাহীতে ১১ হাজার কৃষককে পরিবেশবান্ধব আধুনিক কৃষি পদ্ধতি ‘পলি হাউজ’ চাষ প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ ধরনের প্রশিক্ষণে কৃষকরা আর্থিকভাবে সুবিধা যেমন পাবেন, তেমনি দেশের অর্থনীতিও চাঙ্গা হবে বলে প্রত্যাশা স্ট্যান্ডার্ড চার্টার্ড ও টিএমএসএসের।

পলি হাউজ একটি আধুনিক চাষ পদ্ধতি, যার মাধ্যমে যেকোনো পরিবেশেই চাষ করা যায়। ফলে বাইরের তীব্র রোদ-ঠাণ্ডা-বৃষ্টিতে চাষাবাদের ক্ষতি হয় না। পাশাপাশি কেঁচোর মাধ্যমে জৈব সার উৎপাদন বিষয়ে সহযোগিতা করা হবে। জৈব সার ব্যবহারের মাধ্যমে কৃষক রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে আনতে পারবে। এসব প্রকল্প বাস্তবায়নে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করছে।

উচ্চ মানসম্পন্ন বীজের অভাব, পানির স্বল্পতা এবং সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহারে দেশের কৃষি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ও উৎপাদনশীল ব্যবস্থা তৈরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও টিএমএসএস পলি হাউজ চাষ ব্যবস্থা নিয়ে কাজ করছে, যা কৃষকদের ব্রকলি, ক্যাপসিক্যাম, বাঁধাকপি, লেটুসের সঙ্গে সঙ্গে ফল ও ফুলের মতো উচ্চ মূল্যের কৃষিপণ্য উৎপাদনে সক্ষম করবে। এছাড়া তরমুজের বীজ বিতরণের মাধ্যমে ব্যাংক কৃষকদের লাভজনক চাষাবাদে সক্ষম করে তোলার চেষ্টা করছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার উদ্দেশ্যে ১ মার্কিন ডলার ব্যয় করলে তা থেকে ১০ মার্কিন ডলারের আর্থিক লাভ অর্জন করা সম্ভব। এ থেকে বোঝা যায়, অভিযোজন প্রকল্পে বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ। -বিজ্ঞপ্তি