বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। রোববার দুপুরে এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব বিভাগ) এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইসিসিবির কর্মকর্তারা।

অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান বলেন বাংলার আবহমান স্বাদ ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ সর্বাঙ্গীন সুন্দর হবে বলে আমার বিশ্বাস।

আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিটি পদ তৈরি করা হয়েছে সময়ের পরিক্রমায় টিকে থাকা ঐতিহ্যবাহী রেসিপির আলোকে। এখানে পরিমিত মশলার সঠিক ব্যবহার এবং প্রাচীন খাদ্য উপকরণের সুষম মেলবন্ধন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রতিটি খাবার শুধু স্বাদেই নয়, বরং তার গল্প, ইতিহাস ও সংস্কৃতির মধ্য দিয়ে বাঙালির শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।