কৌশলগত বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘ড্যাফোডিল গ্লোবাল’ শাখা খুলছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। এ বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ড্যাফোডিল কম্পিউটার্সের এ উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে তাদের বাণিজ্য সম্প্রসারণ করবে। দুবাইয়ে ড্যাফোডিল গ্লোবাল আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখবে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৭ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭০ পয়সা। ২০২১ হিসাব বছরে ৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা। ২০২০ হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ, ২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।










