এক্সন মবিল করপোরেশন জ্বালানি ব্যবসা সম্প্রসারণে ডেনবেরি ইনকরপোরেশনকে কিনতে যাচ্ছে। ৪৯০ কোটি ডলারে প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে এক্সন। খবর রয়টার্স।

তবে অধিগ্রহণের ফলে উভয় কোম্পানির শেয়ারদরে নেতিবাচক প্রভাব পড়েছে। ডেনবেরির মালিকানা বিনিময়ের মধ্য দিয়ে এক্সন রেডিমেড কার্বন ডাই-অক্সাইড উৎপাদন ও কার্বন ক্যাপচারকে লাভজনক ব্যবসায় পরিণত করার চ্যালেঞ্জ নিয়েছে। ডেনবেরির সিইও ক্রিস কেন্ডাল এক বিবৃতিতে বলেছেন, কার্বন ব্যবসায় ভালো করতে হলে ‘পর্যাপ্ত মূলধন ও বছরব্যাপী টানা কাজ’ করে যেতে হবে। ফলে বিপুল সম্পদ এবং সক্ষমতা সম্পন্ন এক্সন তাই আমাদের জন্য আদর্শ অংশীদার।

টেক্সাসভিত্তিক ডেনবেরি মূলত তেল ও গ্যাস উৎপাদক। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ১ হাজার ৩০০ মাইল কার্বন পাইপলাইন নেটওয়ার্কের মালিক। এক্সন এখন টেক্সাসের প্ল্যানো শহরে একটি কার্বন হাব তৈরির চেষ্টা করছে বলে জেফরির বিশ্লেষক স্যাম বারওয়েলের ধারণা, ডেনবেরির কার্বন ক্যাপচার অবকাঠামোর জন্য এক্সন ১৯০ কোটি ডলার এবং তেল উৎপাদনে আরো ৩০০ কোটি ডলার দিয়েছে।