চীনে কয়লার চাহিদা বাড়ছে। ঊর্ধ্বমুখী চাহিদার অনুপাতে সরবরাহ স্বাভাবিক রাখতে চায় দেশটি। এ লক্ষ্যে কয়লার রাষ্ট্রীয় মজুদ উন্মুক্ত করছে চীন। দেশটি সর্বশেষ এক কোটি টন কয়লার মজুদ উন্মুক্ত করে। চীনের নীতিনির্ধারকরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছর পঞ্চম বারের মতো কয়লার রাষ্ট্রীয় মজুদ উন্মুক্ত করা হয়েছে। দেশটির ১২টিরও বেশি মজুদ কেন্দ্র ও প্রধান বন্দরগুলো থেকে মজুদ উন্মুক্ত করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এ তথ্য জানিয়েছে। স্থানীয় বাজারে চাহিদামাফিক রাষ্ট্রীয় মজুদ থেকে সরবরাহ আরো বাড়ানো হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এর আগে চারবার ৫০ লাখ টনেরও বেশি কয়লা রাষ্ট্রীয় মজুদ থেকে স্থানীয় বাজারে সরবরাহ করা হয়।

চলতি বছর চীনে কয়লার চাহিদা ঊর্ধ্বমুখী। ফলে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দেশটির নীতিনির্ধারকরা বিদ্যুৎকেন্দ্র, কয়লা উত্তোলন ও প্রধান কয়লা পরিবহন কেন্দ্রগুলোকে পণ্যটির মজুদ পোক্ত করার আহ্বান জানিয়েছেন। ১২ কোটি টন কয়লার মজুদ সক্ষমতা তৈরির প্রস্তাব দিয়েছেন তারা। বর্তমানে দেশটির মজুদ রয়েছে চার কোটি টন। এদিকে চলতি বছরের জুনে চীনের কয়লা আমদানি রেকর্ড সর্বোচ্চ বেড়েছে।

গত মাসে স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির দাম টনপ্রতি সর্বোচ্চ ৯৯৫ ইউয়ানে উন্নীত হয়। মজুদ উন্মুক্ত করার ঘোষণার আগেই দাম বৃদ্ধি পায়। তবে বর্মতানে কয়লার মূল্য হ্রাসের সম্ভাবনা দেখা দিয়েছে।