সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান, এমডি ও দুই পরিচালকের বিদেশ গমনে গত বছরের ২৬ নভেম্বর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। তবে সম্প্রতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইকরামুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তথ্যানুসারে, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের এমডি মো. ইকরামুল হক, তার স্ত্রী ও কোম্পানিটির চেয়ারম্যান শামীমা নার্গিস হক এবং তাদের দুই মেয়ে ও কোম্পানির পরিচালক মুহসিনিনা তাওফিকা ইকরাম ও মুহসিনিনা সারিকা ইকরামের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত বছরের নভেম্বরে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ নভেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

তবে সম্প্রতি মো. ইকরামুল হক ও তার স্ত্রী শামীমা নার্গিস হক আদালতের কাছে বিদেশে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন। দাখিল করা আবেদন ও এর সমর্থনে জমা দেয়া কাগজপত্র, কৌঁসুলির বক্তব্যসহ সার্বিক অবস্থা বিবেচনায় এবং ন্যায়বিচারের স্বার্থে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ মো. ইকরামুল হককে তার স্ত্রীর পাসপোর্ট জমা দেয়ার শর্তে ৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন। সেই সঙ্গে বিদেশ ভ্রমণ শেষে দেশে এসে ২৪ ফেব্রুয়ারি আদালতের কাছে রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে শামীমা নার্গিস হকের বিদেশ গমনের অনুমতিসংক্রান্ত আবেদন মঞ্জুর করেননি আদালত।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ২০২১ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮১ লাখ ৭৫ হাজার। এর ৩৪ দশমিক ৩৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এর মধ্যে মো. ইকরামুল হকের কাছে ২১ দশমিক ৬০ শতাংশ, শামীমা নার্গিস হকের কাছে ৩ দশমিক ৪১, মুহসিনিনা তাওফিকা ইকরামের কাছে ৪ দশমিক ১২ ও মুহসিনিনা সারিকা ইকরামের কাছে ৫ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৮৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে কোম্পানিটির ৪৭ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।