সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির প্রয়াত উদ্যোক্তা মো. মাহমুদুল হক মোবিনের মালিকানাধীন শেয়ার তার মেয়ে আদিবা মাহা নূর মেহেকার বিও অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। এতদিন শেয়ারগুলো আইনগত অভিভাবকের হিসাবে সংরক্ষিত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, মাহমুদুল হক মৃত্যুর সময় তার মেয়ে আদিবা মাহা অপ্রাপ্তবয়স্ক ছিল। ফলে তার ধারণ করা ৫ লাখ ৫৬ হাজার ৮৭৫টি শেয়ার ২০২৭ সালে আইনগত অভিভাবক ও কোম্পানির উদ্যোক্তা পরিচালক এএইচএম হাবিব উল্লাহর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। পরে এসব শেয়ারের বিপরীতে ১ লাখ ২৪ হাজার ১৭১টি বোনাস শেয়ার যুক্ত হয়। বর্তমানে আদিবা মাহা প্রাপ্তবয়স্ক হওয়ায় মোট ৬ লাখ ৮১ হাজার ৪৬টি শেয়ার তার বিও অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ কোটি ৯৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২ লাখ ৬৮ হাজার ৭৫৫। এর ৪৫ দশমিক ৩১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৬০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি সমন্বিত আায় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৮ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যালের ইপিএস হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যালেরই ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।
আলোচ্য হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সায়।
সিভিও পেট্রোকেমিক্যালের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘বিবিবি ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২২ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।










