বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকার ২৬টি এবং চট্টগ্রামের ৯টিসহ মোট ৩৫ জন পরিচালকের পদে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে এস এম মান্নান কচির নেতৃত্বে সম্মিলিত পরিষদ। 

শনিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ঢাকা অঞ্চলের এবং চট্টগ্রামের খুলশীর স্থানীয় অফিসে পরিচালনা পর্ষদ নির্বাচনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সরাসরি ভোটদানের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করায় বিজিএমইএর সদস্যদের ধন্যবাদ জানান।  এছাড়া এস এম মান্নান (কচি) বিজিএমইএ নির্বাচনে তাকে এবং তার দল সম্মিলিত পরিষদকে জয়ী করায় বিজিএমইএর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এ নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে মোট ভোটার সংখ্যা ছিল ২৪৯৬ জন। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে মোট ভোট পড়েছে ২২২৬টি।  ভোট প্রদানের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ। ঢাকায় ২০৩২ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৮৩৯টি। ভোট প্রদানের হার ৯০ দশমিক ৫০ শতাংশ। চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৮৭ টি। ভোট প্রদানের হার ৮৩ দশমিক ৪১ শতাংশ। 

বিজিএমইএর বর্তমান সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নানের (কচি) নেতৃত্বে এবারের নির্বাচনের সম্মিলিত পরিষদের ঢাকা অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন শহিদউল্লাহ আজিম, আসিফ আশরাফ, আব্দুল্লাহ হিল রাকিব, মো. ইমরানুর রহমান, আরশাদ জামাল (দীপু), মিরান আলী, শোভন ইসলাম, হারুন অর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, মো. আশিকুর রহমান (তুহিন), আনোয়ার হোসেন (মানিক), শামস মাহমুদ, মেজবাহ উদ্দিন খান, খন্দকার রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, রাজীব চেীধুরী, আবরার হোসেন সায়েম, মো. শাহাদাত হোসেন, মো. জাকির হোসেন, নুসরাত বারী আশা, মো. মহিউদ্দির রুবেল, শেহরিন সালাম ঐশী, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিক সাগর, মো. রেজাউল আলম (মিরু) এবং চট্রগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন রাকিবুল আলম চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা, আমজাদ হোসেন চৌধুরী, এম আহসানুল হক, মোস্তফা সারওয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহিদ উল্লাহ ও মো. আবসার হোসেন।