তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার লেনদেন লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে আমরা নেটওয়ার্কস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ৯৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

এদিকে সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ২০১৯-২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ, ২০১৮-১৯ হিসাব বছরে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক, ২০১৭-১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ২০১৬-১৭ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।