ভারতের বাজারে দাম বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির। চলতি মাসের শুরুতে রাজধানী দিল্লিসহ দেশটির বড় শহরগুলোয় ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের দাম সর্বোচ্চ ৩৭ রুপি (ভারতীয় মুদ্রা) বেড়েছে। একই সঙ্গে দেশটিতে বাড়ানো হয়েছে এভিয়েশন খাতের জ্বালানি পণ্য এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দামও। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমস।
সাধারণত ভারতে দুই ধরনের এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির প্রতিটি পরিবার বছরে ১৪ দশমিক ২ কেজির ১২টি সিলিন্ডার ভর্তুকিযুক্ত দামে পায়। এর অতিরিক্ত এলপিজি প্রয়োজন হলে খোলাবাজার থেকে ভর্তুকিবিহীন দামে সিলিন্ডার কিনতে হয়। এসব সিলিন্ডারও ১৪ দশমিক ২ কেজির।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাজধানী দিল্লির বাজারে ১৪ দশমিক ২ কেজির একেকটি ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডার ৫৯৩ রুপিতে বিক্রি হয়েছে। মে মাসের তুলনায় জ্বালানি পণ্যটির দাম বেড়েছে সিলিন্ডারপ্রতি ১১ দশমিক ৫০ রুপি।
একই চিত্র দেখা গেছে ভারতের অন্যান্য মেট্রোপলিটন শহরেও। কলকাতায় গতকাল ১৪ দশমিক ২ কেজির একেকটি ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডার ৬১৬ রুপিতে বিক্রি হয়েছে। মে মাসে একেকটি সিলিন্ডারের দাম ছিল ৫৮৪ দশমিক ৫০ রুপি। মুম্বাইয়ে মে মাসে ১৪ দশমিক ২ কেজির একেকটি ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছিল ৫৭৯ রুপিতে। গতকাল একেকটি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ দশমিক ৫০ রুপিতে।
ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বেড়েছে দক্ষিণের শহর চেন্নাইয়ে। গতকাল এখানকার বাজারে ১৪ দশমিক ২ কেজির একেকটি ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে ৬০৬ দশমিক ৫০ রুপিতে। মে মাসে একেকটি সিলিন্ডারের দাম ছিল ৫৬৯ দশমিক ৫০ রুপি। সেই হিসাবে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম বেড়েছে সর্বোচ্চ ৩৭ রুপি।
এদিকে এলপিজি সিলিন্ডারের পাশাপাশি ভারতের বাজারে এটিএফের দামও বাড়ানো হয়েছে। রাজধানী দিল্লিতে প্রতি কিলোলিটার এটিএফের দাম দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৭৫ দশমিক ৩৭ রুপিতে। দাম বেড়েছে কিলোলিটারে ১১ হাজার ৩০ দশমিক ৬২ রুপি।
অন্যদিকে কলকাতা ও চেন্নাইয়ে প্রতি কিলোলিটার এটিএফ বিক্রি হচ্ছে যথাক্রমে ৩৮ হাজার ৫৪৩ দশমিক ৪৮ ও ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩০ রুপিতে।
এক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল করপোরেশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজি ও এটিএফের দাম বাড়তির দিকে রয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে ভারতেও জ্বালানি পণ্য দুটির দাম বাড়ানো হয়েছে।










