সেপ্টেম্বরে ব্রাজিলে আকরিক লোহা রফতানি গত বছরের এ সময়ের তুলনায় ১৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত মাসে লাতিন দেশটি মোট ৩ কোটি ৭৮ লাখ টন আকরিক লোহা রফতানি করেছে। শীর্ষ কোম্পানি ভ্যালে তাদের উৎপাদনের গতি বাড়িয়ে দেয়ার কারণেই দেশটির আকরিক লোহা রফতানি বেড়েছে। খবর মাইনিং ডটকম।
ব্রাজিলের শিল্প, বৈদেশিক বাণিজ্য ও সেবাবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৫ সালের পর গত মাসে সর্বোচ্চ আকরিক লোহা রফতানি করল দেশটি। ২০১৫ সালের ডিসেম্বর মাসে দেশটি রেকর্ড ৩ কোটি ৯০ লাখ টন আকরিক লোহা রফতানি করেছিল।
আগস্ট মাসের তুলনায় ব্রাজিলের আকরিক লোহা রফতানি ২১ শতাংশ বেড়েছে। আদালতের রায় পক্ষে আসার পর বৃহস্পতিবার থেকে পুরোপুরি উৎপাদন শুরু করতে পেরেছে খনি ফার্ম ভ্যালের ভিগা প্ল্যান্ট। কোম্পানিটি জানায়, আইনি জটিলতার কারণে ভিগা প্ল্যান্টে তাদের উৎপাদন ছয়দিনের জন্য বন্ধ ছিল। তবে আদালত কর্তৃক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ হয়ে যাওয়ায় এখন আর কোনো বাধা নেই এবং পুরো উৎপাদন শুরু করেছে প্ল্যান্টটি।
খনি কোম্পানিটির মতে, আইনি জটিলতার কারণে যে কয়দিন প্ল্যান্টের কাজ বন্ধ ছিল তার প্রতিদিন ১১ হাজার টন আকরিক লোহা উৎপাদন ব্যাহত হয়েছে।
খনি থেকে উৎপাদিত যেসব পণ্য রফতানি করে ব্রাজিল তার মধ্যে ৫৯ শতাংশই আকরিক লোহা। এ বছর দ্বিতীয় প্রান্তিকে ৫০০ কোটি ডলারের আকরিক লোহা রফতানি করে তারা, যা প্রথম প্রান্তিকের চেয়ে ৬ শতাংশ বেশি এবং ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ৫ শতাংশ কম। দেশটি রফতানি করেছে ৭ কোটি ৬০ লাখ টন, যা ২০২০ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ৮ শতাংশ বেশি এবং ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ৩ শতাংশ কম।
ইন্ডাস্ট্রি গ্রুপ ইবরাম পূর্বাভাস দিচ্ছে, ২০২০ সালে দেশটি মোট ৩১ কোটি টন আকরিক লোহা রফতানি করবে। ২০১৯ সালে এটি ছিল ৩৪ কোটি টন।










