২০২২-২৩ মৌসুমে ব্রাজিলে খাদ্যশস্য উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় খাদ্য সরবরাহকারী সংস্থা কোনাব। ভুট্টা ও সয়াবিনের বাম্পার ফলনের কারণে উৎপাদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

কোনাবের দেয়া তথ্যমতে, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিলে ৩২ কোটি ৩০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হতে পারে। এর মধ্যে ভুট্টা উৎপাদনের পরিমাণ দাঁড়াবে রেকর্ড ১৩ কোটি ১৮ লাখ টনে। মৌসুমের দ্বিতীয় পর্যায়ের ভুট্টার ব্যাপক ফলন এমন আশাবাদ জাগিয়েছে। শস্যটি তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে, সয়াবিন উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ কোটি ৪৬ লাখ টনে।

কোনাব আরো জানায়, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিল পাঁচ কোটি টন ভুট্টা রফতানি করবে। সয়াবিন রফতানির পরিমাণ দাঁড়াবে ৯ কোটি ৭০ লাখ টনে। চীন, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন বাজারে শস্য রফতানি করে ব্রাজিল। বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য দেশটির উৎপাদন ও রফতানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্রাজিল চলতি বছর বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক ও সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। ভুট্টা রফতানিতেও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে দেশটি। অন্যদিকে, চীন দেশটি থেকে এসব শস্য আমদানির পরিমাণ বাড়িয়েছে।