দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ১৮তম জাতীয় ফার্নিচার মেলার পর্দা নামবে আজ। এবারে মেলায় ৩০টি আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারের বিশাল হলের দুটি হলে নানা ডিজাইন ও বিভিন্ন প্রয়োজনীয় ফার্নিচারের পসরা সাজিয়ে রাখা হয়েছে। এতে ফার্নিচারের পাশাপাশি ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও বিক্রি হচ্ছে। কিন্তু মেলায় আগত ক্রেতা দর্শনার্থীর সংখ্যা খুবই কম। এর কারণ হিসেবে ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতির কারণে মানুষ এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাইরে খুব একটা কেনাকাটা করছেন না। যারা এখানে এসেছেন তাদের বেশির ভাগই নতুন সংসার শুরু করেছেন বা কেউ শুরু করবেন। এর বাইরে যারা আসছেন তাদের মধ্যে অতিপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া কিনছেন না। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে ব্যবসায়ী ও ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
মেলার আয়োজক সংস্থা বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক শেখ আব্দুল আউয়াল বণিক বার্তাকে বলেন, ‘কাঁচামালের দাম বেড়েছে। বেড়েছে পরিবহন, শ্রমিকের মজুরিসহ আনুষঙ্গিক নানা খরচ। কিন্তু আমরা সে হারে দাম বাড়াতে পারছি না। কিছুটা কম লাভে আবার কিছুটা উৎপাদন খরচে বিক্রি করে টিকে থাকার লড়াই করে যাচ্ছি। কারণ মূল্যস্ফীতিসহ নানা কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে মানুষের মাঝে অতিপ্রয়োজনীয় ছাড়া অন্য খাতে খরচ করা বা ফার্নিচার কেনার হার অনেক কমেছে। এখন পণ্য উৎপাদন করে বাড়তি দাম হাঁকালে তো হবে না, সেটি বিক্রিও করতে হবে। তবে আগামী বছর নাগাদ এ পরিস্থিতি থাকবে না বলে আমরা মনে করি।’
নাদিয়া ফার্নিচারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাশেদ পারভেজ বণিক বার্তাকে বলেন, ‘গত কয়েকদিন ক্রেতা-দর্শনার্থী আরো কম ছিল। আজ (গতকাল) শুক্রবার হওয়ায় কিছুটা বেড়েছে।’
তবে আরেকটু বেশি মানুষ আসবে আসা করেছিলাম, সেটি হচ্ছে না। এখানে আসলে বিক্রি করাই আমাদের লক্ষ্য না। আমরা নিজেদের ব্র্যান্ড ও পণ্য ক্রেতাদের
মাঝে পরিচিত করতে এসেছি।’










