দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি কমেছে। এ কারণে সপ্তাহের ব্যবধানে মসলা পণ্যটির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। নতুন করে আদার দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক সপ্তাহ আগেও আমদানীকৃত ভারতীয় আদা প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি হয়েছিল। সম্প্রতি তা বেড়ে ১০০ টাকায় উন্নীত হয়েছে।

হিলি বাজারের আদা বিক্রেতা আবু তাহের বলেন, আদার দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে। বাজারে দেশীয় আদার সরবরাহ নেই বললেই চলে। ভারত থেকে আমদানীকৃত আদা দিয়েই ক্রেতাদের চাহিদা মিটছে। কিন্তু বন্দর দিয়ে ভারত থেকে আদার আমদানি কমায় দাম বাড়ছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে আদা পচে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টিও দাম বাড়াতে সহায়তা করছে। বন্দর দিয়ে আমদানি বাড়লে দাম কমে আসবে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট নূরে আলম সিদ্দিক বলেন, দেশের বাজারে আদার চাহিদা মেটাতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর দিয়ে মাঝে মাঝে আদা আমদানি অব্যাহত রেখেছিলেন আমদানিকারকরা। কিন্তু ভারতের বাজারে দাম বেশি। পরিবহন ব্যয়ও মাত্রাতিরিক্ত। এদিকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে টানা আটদিন আমদানি-রফতানি বন্ধ ছিল। এ কারণে ওই সময়ে বন্দর দিয়ে কোনো আদা আমদানি হয়নি। দেশের বাজারে আমদানীকৃত আদার সরবরাহ কমায় দাম কিছুটা বাড়তি।