চলতি বছরের প্রথম প্রান্তিকে দুবাইয়ের আবাসন খাতে লেনদেন ৮ হাজার ৮৭৩ কোটি দিরহাম বা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৬০ শতাংশ বেশি। সামনের দিনগুলোতেও দুবাইয়ের আবাসন খাতে চাঙ্গা ভাব বহাল থাকবে। দুবাইয়ের শীর্ষস্থানীয় আবাসন বিনিয়োগ প্রতিষ্ঠান ফোরম্যান ফিফডমের প্রতিষ্ঠাতা ও সিইও আদিল আখতার বলেন, ‘‌বিদ্যমান বাজারপ্রবণতার আলোকে এমনটা নির্দ্বিধায় বলা যায়, পরবর্তী দুই প্রান্তিকে এ খাত ১০-১২ শতাংশ সম্প্রসারণ হবে।’ প্রথম প্রান্তিকে ভিলা, টাউনহাউজ ও অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়েছে। আদিল আখতার জানান, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দুবাইয়ে ভিলা ও টাউনহাউজ বিক্রি ৩৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে অ্যাপার্টমেন্ট বিক্রি বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ। ৫-১০ লাখ দিরহাম মূল্যের আবাসনের চাহিদা বেড়েছে বলে জানান তিনি। অ্যারাবিয়ান বিজনেস