এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪ দশমিক ৭ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার। দৈনিক লেনদেন হয়েছে গড়ে ৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, ১ অক্টোবর থেকে কোম্পানিটির শেয়ারদর অব্যাহতভাবে কমছে। ওইদিন শেয়ারটির দাম ছিল ৪২৯ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার তা কমে ৩৬৭ টাকায় নেমেছে। গত এক বছরে শেয়ারটির দাম ১৯৫ টাকা থেকে ৫২৭ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে এপেক্স ফুডস। 

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৯১ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫ টাকা ১৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩৬ টাকা ২০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২৬ টাকা ১৪ পয়সা। 

২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ফুডস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২৬ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১১৯ টাকা ৩৯ পয়সা। 

১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডসের অনুমোদিত মূলধন ১৫ কোটি ও পরিশোধিত মূলধন টাকা ৫ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ২৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৭ লাখ ২ হাজার ৪০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৫৩ দশমিক ৩৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৯৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।