সৌদি আরামকো তার ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে চীনা পেট্রোকেমিক্যাল ফার্মের ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে কোম্পানিটি। গত মার্চে সৌদি এনার্জি জায়ান্ট ৩৪০ কোটি ডলার ব্যয়ে রোংশেং পেট্রোকেমিক্যালের অংশীদারত্ব কেনার পরিকল্পনার কথা জানিয়েছিল। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

চুক্তিতে রোংশেংয়ের মালিকানাধীন একটি সমন্বিত পরিশোধন ও রাসায়নিক কমপ্লেক্সে প্রতিদিন ৪ লাখ ৮০ হাজার ডলার ব্যারেল সৌদি অপরিশোধিত তেল সরবরাহের কথা রয়েছে। আরামকোর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আল কাহতানি এক বিবৃতিতে বলেছেন, ‘‌রোংশেংয়ের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্ব আরামকোর তরল থেকে রাসায়নিকে পরিণত করার কৌশলকে এগিয়ে নেবে। এর মধ্য দিয়ে চীনে আমাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, যা অপরিশোধিত তেলের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে আমাদের গুরুত্বকে তুলে ধরে। এ অধিগ্রহণ আরামকোর দীর্ঘমেয়াদি সম্প্রসারণ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ এবং গুরুত্বপূর্ণ বাজারে আমাদের উপস্থিতিকে প্রসারিত করে।’

রোংশেংয়ের চেয়ারম্যান লি শুইরং বলেছেন, ‘‌এ চুক্তির মাধ্যমে “রোংশেং ও আরামকো একসঙ্গে একটি নতুন যুগে প্রবেশ করেছে। এটি রোংশেংয়ের আন্তর্জাতিকীকরণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকেও নির্দেশ করে।’

চীন সৌদি আরবের শীর্ষ তেল আমদানিকারক। ওপেক প্লাসের তেল উৎপাদন কমিয়ে দাম বাড়ানোর প্রচেষ্টার মাঝেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে ও পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় চীন ও ভারতের কাছে মূল্য ছাড় দিয়ে তেল বিক্রি বাড়িয়েছে।