সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে জন্য প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ আলোচনা। এনবিআর সূত্রে জানা যায়, এদিন এনবিআরের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। 

এনবিআর সূত্রে আরো জানা যায়, ৫ ফেব্রুয়ারি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত হবে প্রাক-বাজেট আলোচনা। ধারাবাহিক আলোচনা চলবে ৭ মার্চ পর্যন্ত।

গত ২৮ জানুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে প্রস্তাব চায় এনবিআর। দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাব লিখিত আকারে ৮ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দিতে বলা হয়। একই সঙ্গে একটি সফট কপি ই-মেইলে পাঠাতে বলে এনবিআর।

এ বিষয়ে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, ‘সরকারের রাজস্ব আহরণে বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে সব পর্যায়ের সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করা হয়েছে। এর মাধ্যমে সবার সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য একটি অংশীদারত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সঙ্গে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে বলে মনে করি।

এনবিআর জানায়, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে ৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি ই-মেইল nbrbudget2024@gmail.com প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব এসএম সোহেল রহমান বরাবর পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।