অস্ট্রেলিয়ান বাংলাদেশ বিজনেস ফোরামের সঙ্গে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ান বিনিয়োগ আকর্ষণে এ চুক্তি করা হয়েছে।

গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খান রতন বলেন, ‘আমাদের বাংলাদেশী প্রবাসীদের জন্য এই এমওইউ সই এক মাইলফলক। অস্ট্রেলিয়ার ফেডারেল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের সহযোগিতায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম পরিচালিত হচ্ছে। কীভাবে বাংলাদেশের উন্নয়ন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা যায়, সে ব্যাপারে আমরা কাজ করতে চাই। আমাদের ফোরামে ৬০০ বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী রয়েছেন। আমাদের সংগঠনের সঙ্গে অস্ট্রেলিয়ার ৩০টি চেম্বার অব কমার্স আছে, যাদের সঙ্গে আমরা এক হয়ে কাজ করি। বাংলাদেশে অনেকগুলো অর্থনৈতিক জোন হয়েছে। এগুলো কাজে লাগানো এবং অস্ট্রেলিয়ার বিনিয়োগ সুযোগ-সুবিধা সর্বোচ্চ ব্যবহারে একসঙ্গে কাজ করব।’

অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়ান বিনিয়োগকারী গ্রেপাস গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর পিটার স্কলেপারিস বলেন, ‘গ্রেপাস গ্রুপ এদেশে বিনিয়োগে আশাবাদী। আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। এখানে বিনিয়োগের মাধ্যমে সেই সম্ভাবনাকে আরো টেকসই করার চেষ্টা করছি।’

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ‘বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দেশের প্রথম। এটি স্থাপন করা অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের থেকে ভিন্ন ছিল। আমরা খাস জমি অধিগ্রহণ করে তাদের দিয়েছি। সরকারের সহযোগিতায় তাদের এটি দেয়া হয়েছে। তারা সম্পূর্ণ জমির মূল্য দিয়ে এখানে কাজ শুরু করেছে। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বেসরকারি অর্থনৈতিক জোনের ক্ষেত্রে একটি বিপ্লব সাধিত হবে।’

সমঝোতা স্মারকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং অস্ট্রেলিয়ান বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খান রতন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দেশের সর্ববৃহৎ এবং উত্তরাঞ্চলের সর্বপ্রথম অর্থনৈতিক অঞ্চল। এটি যমুনা নদীর তীরে ১ হাজার ৩৫ দশমিক ৯৩ একর জমির ওপর অবস্থিত। ২০১৮ সালে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটি লাইসেন্স পায়। সড়ক, নৌপথ, আকাশপথ এবং রেলপথে যোগাযোগের সুব্যবস্থাসম্পন্ন এ অঞ্চলে উত্তরাঞ্চলের জনগণের জন্য কর্মসংস্থানের এক নতুন দ্বার উন্মোচিত হতে চলেছে। এর ফলে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বুড়িমারী, হিলি এবং বাংলাবান্ধার (তেঁতুলিয়া) মাধ্যমে যোগাযোগের কারণে আমদানি-রফতানি এবং পণ্য পরিবহনের সুযোগ প্রসারিত হবে। এখানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্র বৃদ্ধির জন্য একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো স্থাপন করার পরিকল্পনা রয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে অবস্থিত এ অঞ্চল চালু হলে দেশী ও বিদেশী বিনিয়োগের সমন্বিত উদ্যোগে উত্তরাঞ্চলের জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জীবনযাত্রার মানের উন্নতি হবে।