ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আর্থিক সংকটের ঝুঁকি কমানোর প্রয়াসে ইউরোজোনে ব্যাংকগুলোর তারল্য পর্যবেক্ষণ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। সেপ্টেম্বর থেকে ব্যাংকগুলোকে বিদ্যমান মাসিক প্রতিবেদনের পাশাপাশি সাপ্তাহিক প্রতিবেদনগুলো ইসিবিকে সরবরাহ করতে হবে। ইউরোজোনে তারল্য বিকাশের আরো আপ-টু-ডেট ডাটা সরবরাহ করতে হবে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে

অতিরিক্ত তথ্যের মধ্যে ব্যাংকগুলোর অ্যাকাউন্টে তারল্যের ম্যাচিউরিটি, তাদের সমকক্ষ ও ইসিবির সঙ্গে পুনঃঅর্থায়ন লেনদেনের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। ইউরোপীয় ব্যাংকগুলোর তদারকির দায়িত্বে থাকা সংস্থাটির প্রধান আন্দ্রেয়া এনরিয়া বলেন, ‘‌এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে আমানতের মতো সমস্ত তরল সম্পদ ও দায় নিয়ন্ত্রণ পদ্ধতি উন্নত করা।’ মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রে আঞ্চলিক ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া, তার সঙ্গে ক্রেডিট সুইসের পতনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার জন্য বিশ্বব্যাপী আর্থিক সংকটের সম্ভাবনা সম্পর্কে উদ্বেগ আগে থেকেই বিদ্যমান ছিল। 

২০০৮ সালের আর্থিক সংকটের পুনরাবৃত্তি এড়াতে জুনের শেষে ইউরোপীয় ইউনিয়নও ব্যাংকগুলোর ওপর নতুন কঠোর বিধিনিষেধ গ্রহণ করে। পদক্ষেপটি জুনে ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ (এবিই) দ্বারা সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি একই মাসের শেষে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক গৃহীত ব্যাংকগুলোর ওপর নতুন কঠোর বিধিনিষেধের পরিপূরক। ইসিবির সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান ইউরোপীয় ব্যাংকিং খাতের আন্তঃসীমান্ত সমন্বয়সাধনের আহ্বান জানিয়েছেন। তার সঙ্গে তিনি আরো পরামর্শ দেন, ইউরোপীয় ব্যাংকগুলোর জন্য আরো সমন্বিত বাজার সামনের দিনে সম্ভাব্য ধাক্কা সহ্য করার সক্ষমতা বাড়িয়ে তুলবে।