পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংকের পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে। বন্ড তিনটি হলো আল-আরাফাহ‌্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ড ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের জন্য ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। সমাপ্ত ২০২২ সালের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছিল এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি। 

এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ১৩ ডিসেম্বর ২০২৩ থেকে ১২ জুন ২০২৪ সমাপ্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেবে।

শাহ্জালাল ব্যাংকের মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দিয়েছে। বন্ডটির রেকর্ড ডেট ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে বন্ডটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা ঘোষণা করা হয়েছিল।

শাহজালাল ইসলামী ব্যাংক আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল, ফুললি পেইড আপ, নন-কিউমুলেটিভ, ব্যাসেল-৩ কমপ্লেইন্ট পারপেচুয়াল বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে। এর মধ্যে বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ; যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হয়েছে। ব্যাংকের এডিশনাল টায়ার-ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য এ বন্ড ইস্যু করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ছিল ৫ কোটি টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ছিল ৫ হাজার টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ করপোরেট বন্ডের পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। এর মোট ইউনিট সংখ্যা এক লাখ। গত এক বছরে বন্ডটির দর ৪ হাজার ৯৭১ টাকা ৫০ পয়সা থেকে ৫ হাজার টাকার মধ্যে ওঠানামা করে।