শিক্ষামূলক উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টার
প্রতি স্বীকৃতি হিসেবে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পাচ্ছেন আলোর ধারা স্কুলের অধ্যক্ষ
নাছিমা আক্তার সীমা। উত্তরা পাবলিক লাইব্রেরি তাকে এ সম্মাননা দেবে।
নাছিমা আক্তার সীমা ইডেন কলেজ থেকে
বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
ও গবেষণা ইন্সটিটিউট থেকে মাস্টার্স ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন।
২০১৪ সালে, তিনি ব্র্যাক নবধারা স্কুলে
তার শিক্ষকতা জীবন শুরু করেন, যেখানে তিনি শিক্ষার নানা দিক নিয়ে গভীর জ্ঞান অর্জন
করেন এবং সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করেন।
২০১৬ সালে, যখন ব্র্যাক নবধারা স্কুল
বন্ধের ঘোষণা আসে, নাছিমা আক্তার সীমা তার শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে নতুন করে
ঘুরে দাঁড়ানোর সাহস দেখান।
২০১৭ সালে, তিনি অন্যান্য শিক্ষকদের
সঙ্গে মিলে আলোর ধারা স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনাই
নয়, জাতীয় সব উৎসব পালন করে নিজেকে আদর্শ প্রজন্ম হিসেবে গড়ে তোলে।
তার নেতৃত্বে আলোর ধারা স্কুল নতুন
উচ্চতায় পৌঁছেছে। আলোর ধারা স্কুল এখন শিক্ষার এক অনন্য মডেল হিসেবে পরিচিত, যেখানে
শিক্ষার্থীরা নিজেদের সামাজিক ও আত্মিক বিকাশের পাশাপাশি একাডেমিক উন্নতির দিকে অগ্রসর
হচ্ছে।
শিক্ষামূলক উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টার প্রতি স্বীকৃতি হিসেবে উত্তরা পাবলিক লাইব্রেরি তাকে দিতে যাচ্ছে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ ।










