কভিডের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন খাত। এখনো পুরোপুরি পুনরুদ্ধার না হলেও বিভিন্ন দেশে ব্যাপকভাবে বেড়েছে বিদেশী পর্যটকের সংখ্যা। এ অবস্থায় চলতি বছরের গ্রীষ্মের ভ্রমণ মৌসুমে ইতালিতে বিদেশী পর্যটকদের ব্যয় ৮০ শতাংশ বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা এএনএসএ।

ব্যাংক অব ইতালি জানিয়েছে, জুন-আগস্ট সময়ে বিপুলসংখ্যক বিদেশী পর্যটক ইতালি ভ্রমণ করেছেন। এজন্য এটি উচ্চ ব্যয়ের গ্রীষ্ম ছিল। এ সময় তাদের ব্যয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, পর্যটকদের আগমন প্রাক-কভিড পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। যদিও বহির্গামী প্রবাহ সামান্য পিছিয়ে রয়েছে। কেবল আগস্টে দেশটির পর্যটন খাতের রাজস্ব ৬৩০ কোটি ইউরোয় উন্নীত হয়েছে। এক বছর আগের তুলনায় যা ৩৫ শতাংশ বেশি।