চীনের পর বিশ্বে কয়লার দ্বিতীয় শীর্ষ ভোক্তা দেশ ভারত। অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ আমদানি করা কয়লা দিয়ে পূরণ করে দেশটি। চলতি বছরের আগস্টে ভারতের বাজারে জ্বালানি পণ্যটির আমদানিতে রীতিমতো ধস নেমেছে। এ সময় দেশটিতে কয়লা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কমে ১ কোটি ২৫ লাখ টনের নিচে নেমে এসেছে। জ্বালানি পণ্য পরিবহনকারী কার্গো চলাচল পর্যবেক্ষণ করে সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এম জংশন। খবর বিজনেস লাইন ও বিজনেস স্ট্যান্ডার্ড।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টন কয়লা আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ৩৪ দশমিক ৯ শতাংশ। ২০১৯ সালের আগস্টে ভারতের বাজারে সব মিলিয়ে ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ৬৬ লাখ ৮০ হাজার টন।
ভারতে ১ এপ্রিল নতুন অর্থবছর শুরু হয়। এম জংশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (এপ্রিল-আগস্ট) ভারতের বাজারে সব মিলিয়ে ৭ কোটি ৩০ লাখ ৮০ হাজার টন কয়লা আমদানি হয়েছে।
এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ৩২ দশমিক ৫১ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভারতের বাজারে সব মিলিয়ে ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ৩ কোটি ৫২ লাখ ১০ হাজার টন।
২০১৯-২০ অর্থবছরে ভারতে সব মিলিয়ে ২৪ কোটি ৭১ লাখ টন কয়লা আমদানি হয়েছে বলে জানিয়েছে এম জংশন, যা আগের অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে দেশটিতে মোট ২৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টন কয়লা আমদানি হয়েছিল।










