চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উবারের আয় দাঁড়িয়েছে ৩৯ কোটি ৪০ লাখ ডলার। পূর্বাভাস অনুযায়ী আয় না করলেও ডেলিভারি ও পরিবহন পরিষেবা প্রতিষ্ঠানটি ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান ছিল ২৬ লাখ ডলার। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

কোম্পানিটি প্রথমবারের মতো প্রান্তিকওয়ারি পরিচালন আয়ের মুখ দেখল। প্রধান নির্বাহী দারা খসরুশাহি বলেছেন, ‘‌এ প্রান্তিকে সবকিছুই ঠিক ছিল। আমাদের টিমটি পূর্বপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করেছে। ফলে আমরা লভ্যাংশের নাগাল পেয়েছি।’

উবারের আয় ১৪ শতাংশ বেড়ে ৯২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যদিও পূর্বাভাস দেয়া হয়েছিল ৯৩০ কোটি ডলার। গ্রাহকদের পরিবহন ও সরবরাহের জন্য উবারকে নির্বাচন করাকেই প্রকাশ করে সূচক। খসরুশাহি মনে করেন, মানুষ এখন আগের তুলনায় আরো বেশি পরিমাণে উবারের সেবা নিচ্ছে। তাদের পরিষেবা আগের থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে।

ওয়েমো উবার প্লাটফর্মের জন্য রোবোট্যাক্সি তৈরি করছে, যা অ্যারিজোনা থেকে পরিষেবা কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠান দুটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে সম্প্রতি।

এদিকে উবারের শেয়ারদর ৬ শতাংশ পতন ঘটে ৪৬ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে ভীতি ছিল আয় প্রত্যাশার চেয়ে কম হতে পারে। তবে অনেক বিশ্লেষকই আশাবাদী ছিলেন কোম্পানির সক্ষমতা সম্পর্কে। বিশেষ করে অ্যালফাবেটের মালিকানাধীন গাড়ি কোম্পানি ওয়েমো ও মার্কিন পিৎজা প্রতিষ্ঠান ডোমিনোজের সঙ্গে অংশীদারত্বের চুক্তির পর শক্ত হয়েছে অবস্থান। উবারের সরবরাহ ইউনিটের আয় বেড়ে হয়েছে তিন গুণ। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে শেয়ার বেড়েছে ৫২ শতাংশ। অর্থাৎ উবার শক্তিশালী অর্থনৈতিক অবস্থান তৈরি করে ফেলেছে বাজারে।