ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং’ শীর্ষক সেশনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। এ আলোচনায় নেতৃত্ব, বিনিয়োগ সম্ভাবনা, টেকসই উন্নয়ন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক উঠে আসে। অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন আকিজ রিসোর্সের বহুমুখী শিল্প কার্যক্রম, বৈশ্বিক বাজারে সম্প্রসারণ পরিকল্পনা, উদ্ভাবননির্ভর ব্যবসা কৌশল এবং টেকসই ও নৈতিক ব্যবসা চর্চার প্রতি শিল্প গ্রুপটির অঙ্গীকার তুলে ধরেন। তিনি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। ইউএসবিসিসিআইয়ের সভাপতি মো. লিটন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান ও আকিজ কনসাল্টিংয়ের সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম। —বিজ্ঞপ্তি