খাদ্যশস্যের চাহিদা ক্রমে বাড়ছে। এমন অবস্থায় প্রয়োজন বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা। এ কারণে গম উৎপাদন বাড়াচ্ছে ব্রিটেন। চলতি বছর দেশটিতে খাদ্যশস্যটির আবাদ ২৬ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্রিটেনের এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ডের (এএইচডিবি) করা এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
এএইচডিবির পূর্বাভাস অনুযায়ী, ব্রিটেনে চলতি বছর সব মিলিয়ে ১৭ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে গম আবাদ করা হবে। আবাদের হার গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। শীতকালীন মৌসুমে গম আবাদের জন্য আবহাওয়া অনুকূলে ছিল। ভালো আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় চলতি বছর বেশি সুবিধা পেয়েছেন কৃষকরা। ফলে বীজ বপনসহ আবাদসংক্রান্ত কার্যক্রম যথাযথ সময়ে শেষ করা সম্ভব হয়েছে। এএইচডিবি এক নোটে জানায়, গত পাঁচ বছরের গড় পরিমাণের তুলনায় বেশি হেক্টর জমিতে চলতি বছর গম আবাদ করা হয়েছে।
এদিকে চলতি বছর গম আবাদে কৃষকদের মাঝে আগ্রহ বাড়ায় কমেছে যব আবাদ। মৌসুমের শেষ নাগাদ কৃষিপণ্যটির আবাদ ২৮ শতাংশ কমে ৭ লাখ ৬৯ হাজার হেক্টরে নেমে আসতে পারে বলে জানিয়েছে এএইচডিবি।
প্রতিষ্ঠানটি জানায়, গত ১২ মাসে গমের দাম পাল্লা দিয়ে বেড়েছে। ফলে বেশির ভাগ কৃষককের মাঝে অন্যান্য শস্যের তুলনায় গম আবাদে আগ্রহ বেড়েছে। অনুকূল আবহাওয়া ঊর্ধ্বমুখী আবাদে গতি সঞ্চার করেছে।










