রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মূলধনি আয় কমেছে ৮৯ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মূলধনি আয় হয়েছে ১৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৫৬ কোটি ৯৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, আইসিবির কার্যক্রম পুঁজিবাজারকেন্দ্রিক হওয়ায় এ খাত থেকে সবচেয়ে বেশি আয় করে। ফলে পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি ও লেনদেনের নিম্নমুখিতার কারণে মূলধনি আয় কমেছে প্রতিষ্ঠানটির।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যেখানে সমন্বিত নিট মুনাফা হয়েছিল ২০ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইসিবির এককভাবে নিট লোকসান হয়েছে ২৪৪ কোটি ৮৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে একক নিট মুনাফা ছিল ৯ কোটি ১৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ২৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৬ পয়সা।
আইসিবি সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে স্টক লভ্যাংশ শেয়ার প্রিমিয়াম থেকে ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে স্টক লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ৭৭ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে আইসিবি। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৪ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ৯৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৯ নভেম্বর।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে আইসিবির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১১৫ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৩৬ শতাংশ।










