বিষয়টি তিনি বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বহাল থাকবেন নাসের এজাজ বিজয়। তবে তিনি বহুজাতিক এ ব্যাংকটির সঙ্গে তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবন অব্যাহত রাখবেন বলেও জানা গেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে আপাতত অন্য কিছু বিষয়ে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাসের এজাজ বিজয়। পরবর্তী সময়ে ব্যাংকের অভ্যন্তরে তার নতুন দায়িত্ব সম্পর্কে ঘোষণা দেয়া হবে।

নাসের এজাজ বিজয় ২০১৭ সালে ব্যাংকটির সিইও হিসেবে দায়িত্ব নেন। তার স্থলে অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন মো. এনামুল হক। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃত্বে এ পরিবর্তনের মধ্য দিয়ে গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে নাসের এজাজ বিজয় ব্যাংকের বৈশ্বিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সহায়তা করে যাবেন।