চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ফ্রান্সের অর্থনীতি দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। যদিও গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশটির অর্থনীতি আগের প্রান্তিকের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছিল। সে তুলনায় এ বছর অর্থনৈতিক সংকোচন দেখা দেয় দেশটিতে। খবর এপি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিকস অ্যান্ড ইকোনমিক স্টাডিজ (আইএনএসইই) এক বিবৃতিতে জানায়, পারিবারিক ব্যয় নিম্নমুখী হওয়ায় এ বছর জিডিপি কমেছে। বিশেষ করে পরিবহন সরঞ্জাম, অন্যান্য উৎপাদিত পণ্য ও পরিষেবা এবং রেস্তোরাঁ ব্যবসার সঙ্গেও এটি জড়িত। বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ফ্রান্সের বিদেশী বাণিজ্য বাড়তে থাকলেও গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় বৃদ্ধি শ্লথ ছিল।
পৃথক এক বিবৃতিতে আইএনএসইই জানায়, চলতি বছরের মে মাসে ফ্রান্সে ভোক্তা মূল্যস্ফীতির হার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। এদিকে এপ্রিলে দেশটির ভোক্তা মূল্যসূচক বার্ষিক ৪ দশমিক ৮ শতাংশ হারে বেড়েছে। এপ্রিলের তুলনায় মে মাসে মূল্য বেড়েছে দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি বাড়ার জন্য জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি, পরিষেবা, খাদ্য ও উৎপাদিত পণ্যের মূল্য বাড়াকে দায়ী করছে আইএনএসইই।










