সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি কনফিডেন্স সিমেন্ট পিএলসির।  স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত ১৯ নভেম্বর ডিএসইতে সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কনফিডেন্স সিমেন্ট। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। তবে স্টক লভ্যাংশে বিএসইসির অনুমোদন না পাওয়ায় রেকর্ড ডেট কেবল নগদ লভ্যাংশের ক্ষেত্রে কার্যকর হবে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কনফিডেন্স সিমেন্ট পিএলসির নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ৪৪ গুণ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২৭ কোটি ১৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১ কোটি ১৬ লাখ টাকা। 

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৭১ টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

 এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩০ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা (পুনর্মূল্যায়ন ছাড়া), আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩০ জুন শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৭২ টাকা ২৬ পয়সায় (পুনর্মূল্যায়ন ছাড়া), আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৩ টাকা ৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩৭ পয়সা।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪১৬ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার ৮ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৬৮। এর মধ্যে ৩০ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৪৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৪ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কনফিডেন্স সিমেন্টের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮৯ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৮৯ থেকে ৯৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।