বাংলাদেশের পোশাক শ্রমিকদের পেশাগত কাজে নিরাপত্তা চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আর বাংলাদেশ শ্রমঘন পোশাকখাতে ন্যায্য মূল্যের ওপর গুরুত্বারোপ করে আইএলওকে বৈশ্বিক ফোরামে এবং ক্রেতাদের সঙ্গে আলোচনায় বিষয়টি নিয়ে তাগিদ দেয়ার জন্য আহ্বান জানান। আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (২০ মে) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান কচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়। 

বিজিএমইএ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে  আইএলওর নেতৃত্বে চলমান উদ্যোগগুলোর অগ্রগতি, বিশেষ করে বাংলাদেশে তৈরি পোশাক কর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি ছিল সোশ্যাল ও টেকনিক্যাল অডিটের জন্য শিল্পে সর্বজনস্বীকৃত একটি সমন্বিত আচরণবিধি (ইউনিফাইড কোড অব কনডাক্ট) প্রণয়নের প্রয়োজনীয়তা।

বৈঠকে শিল্পের আরো বিকাশের জন্য, ডিউ ডিলিজেন্স ডাইরেকটিভের মতো আসন্ন প্রবিধানগুলো অনুসরণ করা এবং কর্মীদের কল্যাণ বাড়াতে কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আইএলও এবং বিজিএমইএর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বিশ্বব্যাপী ক্রেতা, প্রস্তুতকারক এবং শ্রমিকসহ সব স্টেকহোল্ডারদের সুবিধার্থে এ ধরনের একটি সমন্বিত আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য আইএলওকে আহ্বান জানান।

তিনি পোশাকের ন্যূনতম ন্যায্য মূল্যের ওপর জোর দিয়ে আরো বলেন যে, মূল্য নির্ধারণের এ ধরনের ব্যবস্থা ছাড়া শিল্প দীর্ঘ মেয়াদে টেকসই হবে না। বিজিএমইএ সভাপতি শ্রমঘন পোশাকখাতে ন্যায্য মূল্যের ওপর গুরুত্বারোপ করে আইএলওকে বৈশ্বিক ফোরামে এবং ক্রেতাদের সঙ্গে আলোচনায় বিষয়টি নিয়ে তাগিদ দেয়ার জন্য আহ্বান জানান।

এ সময় আইএলওর প্রতিনিধিদলে ছিলেন বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস আগুং নুগরোহো, প্রোগ্রাম এবং অপারেশন অফিসার লিনিয়া স্ট্র্যান্ড এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম।

বৈঠকে বিজিএমইএর সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহসভাপতি মিরান আলী, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক শোভন ইসলাম, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মো. রেজাউল আলম (মিরু) এবং বিজিএমইএর শ্রম ও আইএলওবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।