সম্ভাবনাময় দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্কের আরো উন্নয়নের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে বেসরকারি খাতের একটি বাণিজ্য প্রতিনিধি দল সৌদি আরব সফরে যাচ্ছে। প্রতিনিধি দলটি আগামীকাল ঢাকা ত্যাগ করবে। দলটি সেখানে ২ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। গতকাল ডিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত পাঁচ দশকে নতুন উচ্চতায় স্থান পেয়েছে। এরই ধারাবাহিকতায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের কারণে ২০২২ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২ বিলিয়ন ডলার, যেটি সামনের দিনগুলোতে আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

৬১ সদস্যের এ বাণিজ্য প্রতিনিধি দলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, আবাসন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিক, টেক্সটাইলসহ উৎপাদনমুখী খাতের ব্যবসায়ীরা সৌদি আরব সফর করবেন। সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধি দলটি রিয়াদ চেম্বার, মক্কা চেম্বার, মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা সভা এবং সেখানকার বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে।