বিশ্বের প্রথম প্লাস্টিক পুনর্ব্যবহার কেন্দ্র হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। উলসান অ্যাডভান্স রিসাইক্লিং ক্লাস্টার (উলসান এআরসি) নামে এ কেন্দ্র নির্মাণ করছে দেশটির এসকে জিওসেন্ট্রিক ও মার্কিন কোম্পানি পিওরসাইকেল টেকনোলজিস। কোম্পানি দুটি এরই মধ্যে প্রযুক্তিগত প্রস্তুতি শেষ করেছে। খবর কোরিয়া হেরাল্ড।
এসকে জিওসেন্ট্রিক জানিয়েছে, উলসান এআরসি বিশ্বের প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কমপ্লেক্স হবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।
দক্ষিণ কোরিয়ার রাসায়নিক সংস্থার গবেষক ও প্রকৌশলীরা চলতি বছরের জানুয়ারিতে এর বিভিন্ন বিষয় নিয়ে পিওরসাইকেল টেকনোলজিসের কর্মীদের সঙ্গে প্রযুক্তিগত পরামর্শ করেছেন। কর্মকর্তারা জানান, কোরিয়ায় প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষ বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। এ প্রসঙ্গে পিওরসাইকেল টেকনোলজিসের সিইও ডাস্টিন ওলসেন বলেন, ‘উভয় প্রতিষ্ঠান দুই বছর ধরে এশীয় অঞ্চলে একসঙ্গে কাজ করছে। এ উদ্যোগ কোরিয়ার রিসাইক্লিং প্রযুক্তির জন্য একটি টার্নিং পয়েন্ট হবে।’
২০২২ সালের অক্টোবরে পিওরসাইকেল টেকনোলজিস ও এসকে জিওসেন্ট্রিক যৌথভাবে উলসান রিসাইক্লিং সাইট তৈরির জন্য সম্মত হয়। এছাড়া চলতি বছর উলসান এআরসি নির্মাণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সালে এর উৎপাদন পুরোদমে শুরু হবে। এ লক্ষ্যে কোম্পানি দুটি কোরিয়ার প্লাস্টিক বর্জ্যের প্রক্রিয়াকরণ প্রযুক্তি পরীক্ষা করছে।
এসকে জিওসেন্ট্রিকের ভাইস প্রেসিডেন্ট ও চিফ স্ট্র্যাটেজি কর্মকর্তা (সিএসও) কিম জং-হয়া বলেন, ‘একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতে আমরা যৌথভাবে উলসান এআরসি নির্মাণ করব।’










