২০২৫ সালের মধ্যে যৌথভাবে বাজারে বিদ্যুচ্চালিত স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) আনতে যাচ্ছে টয়োটা মোটর ও সুবারু করপোরেশন। সম্প্রতি এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই প্রতিষ্ঠান। শিগগিরই সব ধরনের স্পোর্টস ভেহিকল পাওয়া যাবে জাপানের অভ্যন্তরীণ বাজারে। খবর মাইনিচি। 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, উত্তর আমেরিকা ও অন্যান্য অঞ্চলেও ব্যবসা বিস্তার করা যায় কিনা, পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কোম্পানি দুটি। টয়োটার নতুন প্রেসিডেন্ট কোজি সাতোর সময়ে প্রতিষ্ঠানের অবস্থানকে আরো শক্তিশালী হিসেবে দাঁড় করাতে নেয়া হয়েছে এ উদ্যোগ। জাপানের নির্মাতা প্রতিষ্ঠানটি সুবারুর উৎপাদন ও উন্নয়ন বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। বর্তমানে সুবারুতে ২০ শতাংশের বেশি শেয়ার রয়েছে টয়োটার। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এমন সিদ্ধান্ত। নতুন গাড়ি মূলত দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য। এর আগে দুটি বিদ্যুচ্চালিত গাড়ি তারা যৌথভাবে বাজারে এনেছিল। গাড়ি দুটি টয়োটার বিজেডফোরএক্স ও সুবারুর সলতেরা। নতুন গাড়িটিতে বিজেডফোর এক্সের চেয়েও কয়েকটি দিকে অগ্রগতি আনা হবে বলে মনে করা হচ্ছে। একবার চার্জ দেয়ার পর ৫৫৯ কিলোমিটার চলতে পারবে গাড়িটি। পেছনে থাকবে তুলনামূলক বেশি জায়গা। গাড়িটি তৈরি করা হবে উত্তর-পশ্চিম টকিওয়ের গানমা অঞ্চলে অবস্থিত সুবারুর কারখানায়।

এপ্রিলে সাতো টয়োটার বিদ্যুচ্চালিত গাড়ির বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি নিয়েছিলেন। ২০২৬ সালের মধ্যে আরো ১০টি নতুন মডেল ও বার্ষিক ১৫ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। একই সময়ে প্রয়োগ করা হবে পরিবেশবান্ধব উৎপাদন নীতিমালা। সুবারু কোম্পানিটি মূলত পরিচিত তার বক্সার ইঞ্জিনের জন্য। দেশের অভ্যন্তর ও বিদেশের মাটিতে সুবারুর মডেলটি ভালো জনপ্রিয়। তবে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জন্য স্বল্প মূলধনে বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুত করাটা কঠিন। ফলে নতুন চুক্তি উভয় কোম্পানির জন্য সুযোগ তৈরি করে দেবে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে। সেই সঙ্গে চলমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে বাড়বে সরবরাহ।