বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে বিবেচনা করছে অনেক চীনা বিনিয়োগকারী। তারা এজন্য বাংলাদেশে নতুন বিনিয়োগসহ বিনিয়োগ স্থানান্তর করতে আগ্রহী হয়ে উঠেছে।
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আয়োজনে চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝু সিটিতে অনুষ্ঠিত বাংলাদেশের ইপিজেডগুলো এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার শেষে সাইড টেবিল আলোচনায় চীনা বিনিয়োগকারীরা এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
কুয়ানঝু মেরিটাইম সিল্ক রোড ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় সম্প্রতি বেপজা এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও শিল্প গ্রুপের প্রায় ১০০ জন প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘গত এক দশকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৌশলগত ভৌগোলিক অবস্থান, কর্মক্ষম জনশক্তি, বৃহৎ ও সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার, স্থিতিশীল সামাজিক-রাজনৈতিক পরিবেশ ইত্যাদি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মূল কারণ।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের প্রধান আকর্ষণ হলো সহজলভ্য, উৎপাদনশীল, পর্যাপ্ত এবং সহজে প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি। বাংলাদেশ সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে বৈদেশিক বিনিয়োগ নীতিকে উদারীকরণ করে আসছে। দ্রুত ও উন্নত সেবা প্রদানের জন্য সরকার বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর জন্য ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করেছে।’
বেপজার সম্প্রসারণ পরিকল্পনার কথা উল্লেখ করে নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে, যেখানে এরই মধ্যে ২৮টি শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। কয়েকটি উৎপাদনও শুরু করেছে। এছাড়া তিনটি নতুন ইপিজেড প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হবে।’ তিনি চীনা বিনিয়োগকারীদের বেপজাধীন এ জোনগুলোয় বিনিয়োগের আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে আয়োজক অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য লিনো বেপজার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সম্পর্কে তার ইতিবাচক ধারণা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে কুয়ানঝো মেরিটাইম সিল্ক রোড ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান চ্যাংসং ছেন বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান।










