মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বন্দরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপনের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বাগেরহাটের মোংলা বন্দর জেটিতে গতকাল মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গত ১৫ দিনে দুইবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে সরকার গুরুত্ব দিচ্ছে। জ্বালানি সংকট সমাধান, শিল্পায়নের সুযোগ-সুবিধা সৃষ্টি এবং বিভিন্ন খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মোংলায় চায়না ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি নতুন বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। ভাঙ্গা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ ও নতুন রেল যোগাযোগ স্থাপনের কাজও এগিয়ে যাচ্ছে। এসব উদ্যোগের ফলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।’ মতপার্থক্য থাকলেও বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের উন্নয়নে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নৌ-পরিবহনমন্ত্রী।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এমএ সালাম; বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান; বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন; মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।










