দক্ষিণ ভারতের পাহাড়ি জেলা কনোড় চা উৎপাদন ও বিপণনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানকার চায়ের নিলাম কেন্দ্র ভারতের অন্যতম বৃহত্তম। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কনোড়ের চা নিলাম কেন্দ্রে পানীয় পণ্যটির বিক্রি কমায় দামও কমে গেছে। এর জের ধরে এ সময় নিলাম কেন্দ্রের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশের বেশি কমেছে। কনোড় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (সিটিটিএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।

সিটিটিএর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কনোড়ের নিলাম কেন্দ্রে ১ কোটি ১২ লাখ কেজি চা বিক্রি হয়েছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ কোটি ২৫ লাখ কেজি। অর্থাৎ বছরান্তে পানীয় পণ্যটির বিক্রি কমেছে ১৩ লাখ কেজি।

বিক্রি কমার জের ধরে জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়িয়েছে সাকল্যে ৮২ দশমিক ২১ রুপিতে (ভারতীয় মুদ্রা)। আগের বছরের একই প্রান্তিকে পানীয় পণ্যটির গড় দাম ছিল কেজিপ্রতি ১০০ দশমিক ১৫ রুপি। সেই হিসেবে এক বছরের ব্যবধানে চায়ের গড় দাম কমেছে কেজিতে ১৭ দশমিক ৯৪ রুপি।

ফলে টান পড়েছে নিলাম কেন্দ্রের আয়ে। চা বিক্রি করে চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে কনোড়ের নিলাম কেন্দ্রের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ১৭ শতাংশ কমে গেছে। আয় ১২৮ কোটি ১৯ লাখ রুপি থেকে কমে দাঁড়িয়েছে ৯২ কোটি ৮ লাখ রুপিতে।